
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে ইতিহাস গড়ল টাইগাররা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৩ রানের পুঁজি নিয়ে ৮ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
এদিন সহজ ম্যাচ কঠিন করে জিতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।
১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতে পাকিস্তানকে চেপে ধরা বাংলাদে; এরপর একাধিক ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচটি হাত ফসকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। হাতে ছিল শেষ উইকেট। মোস্তাফিজের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকান আহমেদ দানিয়াল।
দ্বিতীয় বলেও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল। মোস্তাফিজের স্লোয়ারে স্লগ করে ছক্কা মারতে গিয়ে ডিপমিড উইকেটে ক্যাচ দেন তিনি।
সীমানার কাছে দাঁড়িয়ে থাকা শামিম হোসেন পাটোয়ারী উড়ে আসা বলটি তালুবন্দি করার পর উল্লাসে মেতে ওঠেন ক্রিকেটার, টিম অফিসিয়ালসহ বাংলাদেশের কোটি দর্শক।
রোমাঞ্চকর এই জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।